মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

অনীলের বুকে এক লক্ষ দুঃখ

কষ্টে আমার সবচে বেশি মনে পড়ে- অনীল'কে।
অনীল আমার বন্ধু যার বুকে; এক লক্ষ দুঃখ।
ওর দুঃখের শুরু হয়- আমরা অষ্টম শ্রেণিতে।
একসকালে স্কুলে গিয়ে জানলাম,
'ওর মা আর বেঁচে নেই' !
(সব মা একদিন মরে যাবে)
ভদ্রমহিলা ক্যান্সারে আক্রান্ত ছিল বলে
কেউ অতটা কাঁদেনি তাঁর জন্য- ও ব্যতীত।
দল বেঁধে আমরা মা'কে দেখতে গেলাম- মরে গ্যাছে বলেই।
ওর চোখের জলে আমার চোখের কোণ ভিজে উঠল
দেখে, ও একটু হাসতে চাইল।
মায়ের শবদাহে হাসি না আসলেও
ঘরে সৎমা ঠিকই আসে-
ওর জানা ছিলো না।
সপ্তাহান্তে একরাতে,
ওর বাবা এক মেয়েকে ঘরে নিয়ে এসে বললেন-
"অনীল এটা তোর নতুন মা"।
ভ্যাবাচ্যাকা খাওয়া ও সে রাতে হোমওয়ার্ক এর খাতায় লিখল;
বাবা,
মা আবার নতুন হয়?
নতুন মা'কে সৎমা বলে?
আমার সৎমা কি তোমার সৎ বউ?
মাস ছয়েক পরে ও প্রেমে পড়ল- প্রথমবার
প্রেমের কারণেই ডান হাত ভেঙে দিলো বাবা।
ফাইনাল এক্সামে আমার এক বেঞ্চ সামনে বসা ছেলেটাকে
আমার মনে আছে, লেখা বন্ধ করে একবার আমি তাকিয়ে দেখছিলাম-
একটা ভাঙা হাত কীভাবে গোটা পঞ্চাশেক আস্ত হাতকে
হারিয়ে দিতে পারে লিখে !
সৎ মা'কে নিয়ে আর পারছিলো না পাগলটা।
একবিকেলে গোটাকয়েক লাঠি সৎ মায়ের পিঠেই গুড়ো করে দিলো-
আমি জানি, নবম শ্রেনিই ওকে শিখিয়েছিল
'অন্যায় করা আর সহ্য করা দুটোই সমান অপরাধ'।
সৎ মা হাসপাতালে ভর্তি হলে
বাবা ছেলেকে ছাড়পত্রের চেয়ে ভাল কিছুই দিতে পারেনা বলে,
অনীলকে স্কুল হোস্টেলে পাঠিয়ে দিল চাচা;
এতটুকু দয়া একটা মেধাবী ছেলে পেতেই পারে।
মেট্রিক পাশের আগে;
অনীল পছন্দ করে নিলো দুটো বাড়ি-
একটা মিতুলের অন্যটা আমার।
অনীল পছন্দ করে নিলো দুটো মা-
একটা মিতুলের অন্যটা আমার।
অনীল পছন্দ করে নিলো দুটো বাবা-
একটা মিতুলের অন্যটা আমার।
মেট্রিক শেষে স্কুলের সর্বোচ্চ রেজাল্টে ভাগ বসালো তিনজন
জানলাম, অনীলের নামটাও সেখানে আছে।
কত বছর চলে গ্যালো- বাকি গল্প থাক
আজ, অনীল বিয়ে করেছে ভালবেসে।
ভাবি, উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে করে পালিয়ে থাকতে হয় জানলে
অনীলটা বুঝি প্রেমেই পড়ত না।
গতরাতে সপ্নে তোকে কিছু প্রশ্ন করেছিলাম
অনীল,
পড়াশোনাটা হয়নি বলে কি তুই দুঃখ পাসনা?
মিতুলকে ভেবে কি তুই দুঃখ পাসনা?
আমাকে ভেবে কি তুই দুঃখ পাসনা?
দুটো মা'কে ভেবে কি তুই দুঃখ পাসনা?
দুটো বাবা'কে ভেবে কি তুই দুঃখ পাসনা?
প্রতিটা প্রশ্নের উত্তরে তুই বলেছিলি,
"আমার বুকে এক লক্ষ দুঃখ"।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন